সুন্দরবনের পশুর নদে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যাওয়া ১২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটির অবস্থান দুই দিনেও শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) বন বিভাগ ও কয়লার মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পৃথকভাবে পরিদর্শন করেও জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান খুঁজে পাননি। সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযানও শুরু হয়নি।
তবে বন বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে কয়লা বা তেলের আস্তরণ ছড়িয়ে পড়ার দৃশ্যমান কোনো চিহ্ন মেলেনি। জাহাজটি মূল নৌচ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় দুর্ঘটনায় ডুবে যায় এমভি ফুলবাড়ী নামের কার্গো জাহাজটি। জাহাজে থাকা নয়জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেওয়ায় প্রাণহানি ঘটেনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. সালাহ উদ্দিন কবির জানান, ডুবে যাওয়া জাহাজটি নদী থেকে অপসারণের জন্য মালিকপক্ষকে ১৫ দিনের সময় দিয়ে চিঠি দিয়েছে বন্দরের হারবার বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে জাহাজটি উদ্ধার করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার শিকার কার্গো জাহাজের মাস্টার বাদী হয়ে মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মোংলা থানার ওসি আতিকুর রহমান জিডি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্গো মালিক প্রতিষ্ঠান মেসার্স তানিয়া শিপিং লাইন্সের প্রতিনিধি ইব্রাহিম ব্যাপারী জানান, জাহাজটিতে ধাক্কা দেওয়া তেলবাহী ট্যাংকারের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন