পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর পাহলান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামে অপর একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে মহিপুর বাজারের ব্রিজের নিচে শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পাহলানকে আটক করা হয়। এ সময় শানু গাজী পালিয়ে যায়।
পরে জাহাঙ্গীর পাহলানের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার জাহাঙ্গীর পাহলান মহিপুর থানার বিপিনপুর গ্রামের মৃত জয়নদ্দিন পাহলান ও মৃত ফাতেমা বেগমের ছেলে। পলাতক শানু গাজী আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ গাজীর ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন