নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম আজম।
তার দাবি, পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায় নিজ চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট গোলাম আজম বলেন, তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি মহেশপুর গ্রামের আসাদুজ্জামানের পক্ষ থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য।
তিনি বলেন, সংশ্লিষ্ট আদালত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করেই মামলার কার্যক্রম গ্রহণ করেছেন। কথিত ঘটনার বিষয়ে আদালত থেকে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ বা তলব করা হয়নি বলেও দাবি করেন তিনি।
এফিডেভিটে স্বাক্ষরের বিষয়ে গোলাম আজম বলেন, তিনি কেবল একজন ‘সনাক্তকারী’ হিসেবে সরল বিশ্বাসে স্বাক্ষর করেছেন। পরবর্তীতে আদালত আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে। সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করা ছাড়া এফিডেভিটের বক্তব্য বা পরবর্তী কোনো কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তদন্তে তার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানি করার চেষ্টা করা হলে এর বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অ্যাডভোকেট গোলাম আজম।
সংবাদ সম্মেলনের শেষে আইন ও আদালতের প্রতি নিজের পূর্ণ শ্রদ্ধার কথা জানিয়ে সাংবাদিকদের তথ্য যাচাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশের অনুরোধ করেন তিনি।
মন্তব্য করুন