নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন আরো সহজ ও নিরাপদ করার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে ‘বাংলা কিউআর’ ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ‘বাংলা কিউআর-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগান নিয়ে সোমবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়ামে) আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভিন বিথী। অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার সহকারী পরিচালক নাফিউল করিম। অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান মলয় কিশোর বিষ্ণুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট কর্পোরেট শাখা প্রধান মোঃ শাহিনুর রহমান, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান মোঃ মনিরুল আমীন।
আয়োজক ব্যাংকসমূহের পক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি যাত্রাপুর শাখা প্রধান দীপংকর চন্দ্র মন্ডল, বাগেরহাট শহরের মুনিগঞ্জ শাখা ব্যবস্থাপক মাউসুফা আক্তার, মেইন রোড শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারসহ বাগেরহাটের ২৩টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন