চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সচেতন করতে ‘মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে সহযোগিতা করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। একই সঙ্গে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
তারা জানান, জেলার বিভিন্ন মসজিদে প্রতি শুক্রবার মাদকবিরোধী লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা এবং নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর সেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন