দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকা সহায়তা দিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, জনকল্যাণমূলক এ কার্যক্রমের আওতায় কচুরছড়া জবিরাম কারবারী পাড়া স্কুলের উন্নয়নকাজের জন্য সিমেন্ট সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে স্কুলের বেতন ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য বিতরণ করা হয়েছে ঢেউটিন। একই সঙ্গে স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করে তুলতে এবং কৃষিভিত্তিক জীবিকা পুনরুদ্ধারে তাদের মধ্যে বিভিন্ন ধরনের উন্নতমানের সবজির বীজ বিতরণ করা হয়।
মানবিক সহায়তার অংশ হিসেবে একটি অসহায় পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। এছাড়া চলাচলে সমস্যায় থাকা এক বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিকে দেওয়া হয়েছে একটি হুইলচেয়ার।
বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা ব্যয় নির্বাহেও আর্থিক সহায়তা দিয়েছে ৫৭ বিজিবি। পাশাপাশি দুঃস্থ পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
তিনি বলেন, আলীকদমের দুর্গম সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন