আসন্ন মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী অ্যাডভোকেট মো. শাহ্ কামাল।
পারিবারিক ঐতিহ্য, জনসেবার অভিজ্ঞতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মিঠামইনবাসীর পাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
অ্যাডভোকেট মো. শাহ্ কামাল ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি মিঠামইন উপজেলা ছাত্রদলের প্রথম সহসভাপতি এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম মানব কল্যাণ পরিষদের সভাপতি এবং কিশোরগঞ্জস্থ কাটখাল ও বৈরাটি ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন।
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ভৈরব ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল টেকনোলজির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
শাহ্ কামালের পরিবারও স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত। তাঁর বাবা মরহুম হাজী আব্দুল মালেক সরকার কাটখাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর ভাইদের মধ্যে মো. শাহ্ আলম পুলিশ পরিদর্শক এবং মো. হারুন রেজা অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর জ্যেষ্ঠ সন্তান অ্যাডভোকেট মো. শাহ্ রিয়ার সরকার শাকিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় যুক্ত।
মায়ের পরিবারের মধ্যেও জনপ্রতিনিধিত্বের ইতিহাস রয়েছে বলে শাহ্ কামালের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর নানা মরহুম হাজী আব্দুল আজিজ চেয়ারম্যান এবং মামা মতিউর রহমান ও মো. তাজুল ইসলাম কাটখাল ও বৈরাটি ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের অন্য সদস্যদের মধ্যেও চিকিৎসা, আইন পেশা ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। তাঁর মামা মো. জিল্লুর রহমান মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. ইব্রাহিম খলিল শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
অ্যাডভোকেট শাহ্ কামাল সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মিঠামইনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন তিনি। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও ন্যায়বিচারের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন