নড়াইল পৌরসভার চরের ঘাট এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ইয়াবা, নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার আলাদাতপুর এলাকায় চিত্রা নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লোহাগড়া উপজেলার ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের ছেলে হিরো, কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা এবং সিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন মিলনের নেতৃত্বে একটি দল চিত্রা নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা কয়েকজন পুলিশকে অস্ত্র দেখিয়ে ভেতরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি আলাউদ্দীন মিলন, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডুসহ পুলিশের একটি দল আলাদাতপুরের প্রেম কর্নারসংলগ্ন নদীর পাড় ঘিরে অভিযান চালায়। এ সময় হিরো, ইকবাল হোসেন মোল্লা ও সালমান শরিফকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নদীর পাড়ে তৈরি একটি ঝুপড়ি ঘর তল্লাশি করে সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র ও পাঁচটি বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৫৯ হাজার ৫০০ টাকা, মাদক সেবনের সরঞ্জাম এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি আলাউদ্দীন মিলন ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন