কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে আটকের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে প্রায় ১০ ঘণ্টা পর ফের আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। রেনু মিয়া ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রেনু মিয়ার বাড়িতে অভিযান চালায় কুলিয়ারচর থানা পুলিশ। এ সময় তাকে আটক করে হাতকড়া পরানো হয়। পরে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হলে কৌশলে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
এরপর তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করে। প্রায় ১০ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকেই রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় ফের আটক করা হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মাধবদী গ্রাম থেকে রেনু মিয়াকে হাতকড়া পরিহিত অবস্থায় আটক করে থানায় আনা হয়েছে।
মন্তব্য করুন