চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা-এর কিরণগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ মে) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৬টার দিকে কিরণগঞ্জ বিওপি’র নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান শুরু করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়ন-এর জমিনপুর গ্রামে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়।
অভিযান চলাকালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে টহল দল এলাকাটি ঘনিষ্ঠভাবে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত সিরাপটি ‘Kuf Relief’ নামে পরিচিত, যা ফেন্সিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীদের মধ্যে ব্যবহৃত হয়ে আসছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাচারকারীরা বিভিন্ন কৌশলে সীমান্ত পেরিয়ে এসব নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করলেও বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারির কারণে অধিকাংশই ধরা পড়ছে।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, মাদকবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, উদ্ধার করা নেশাজাতীয় সিরাপগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ও নেশাজাতীয় দ্রব্য চোরাচালানের চেষ্টা চলে আসছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযানের কারণে সাম্প্রতিক সময়ে এসব অবৈধ কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি স্থানীয়দের।
সচেতন মহল মনে করছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা গেলে মাদক চোরাচালান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তারা বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন