চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চলছে। এর অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়া, শান্তিবাগসহ আশপাশের এলাকায় বাসাবাড়ি থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা।
কর্মশালায় বক্তারা বলেন, উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে এবং পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে। একই সঙ্গে এটি একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, পর্যায়ক্রমে এ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে। এজন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব এবং প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন