চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে সিপিসি-১ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পারচৌকা দক্ষিণপাড়া গ্রামের একটি আমবাগানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি দেশীয়ভাবে তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৫ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন