দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গুমাড়া গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর মাদ্রাসাটির আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ নিশ্চিত করার কথা বলে প্রতি প্রার্থীর কাছ থেকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে সুপার ও সভাপতির বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পরও চাকরি নিশ্চিত করে দেওয়া হলেও পরবর্তীতে এমপিওভুক্তির জন্য আরও অর্থ দাবি করা হয়। এতে ভুক্তভোগীরা প্রতারণার শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার পর সোমবার রাতেই হাকিমপুর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাক এখনো পলাতক রয়েছেন।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক সভাপতিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন