বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় এক গৃহবধূর সঙ্গে রাকিবের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
অভিযোগ অনুযায়ী, রাকিব গোপনে ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা দিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। এক পর্যায়ে ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছেও ভিডিও পাঠানো হয়, যা পরিবারে অস্থিরতা সৃষ্টি করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে রাকিব তাদের কাছ থেকে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করে এবং পরে আরও ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করলে র্যাব-১১ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন