চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে হেরোইন ও গাঁজাসহ একই পরিবারের মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ভোলাহাট থানার ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামিদের নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মোছা. তাজেনুর বেগম (৫৩), তার ছেলে মো. সাবিরুল ইসলাম (৩১) এবং একই গ্রামের মোছা. ববিতা খাতুন (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১ কেজি গাঁজা এবং ২৪.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।
ডিএনসি আরও জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের “জিরো টলারেন্স” নীতির আওতায় সারাদেশে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়ভাবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন