পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৬নং মহিপুর ইউনিয়ন পরিষদের ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী।
বাজেট সভার অন্যতম আকর্ষণ ছিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওয়েহেদ মাসুদের উপস্থাপিত বার্ষিক আয়–ব্যয়ের বিস্তারিত হিসাব। এবারের বাজেটে মোট ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৪৯৪ টাকা আয় এবং ২ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৯১৪ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
প্রস্তাবিত বাজেটে বসতবাড়ির বকেয়া ট্যাক্স আদায়, ব্যবসা-বাণিজ্য কর, হাট-বাজার ইজারা এবং অন্যান্য স্থানীয় উৎসসহ মোট ২৭টি খাত থেকে আয় সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে উন্নয়ন ব্যয়ের মধ্যে জনকল্যাণমূলক প্রকল্প, প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ ২৭টি খাতে অর্থ ব্যয়ের রূপরেখা উপস্থাপন করা হয়।
সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উন্মুক্ত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশ নেন এবং মতামত ও সুপারিশ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী বলেন, “মহিপুর ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই বাস্তবসম্মত ও উন্নয়নমুখী বাজেট বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও জানান, বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে উদ্যোগ জোরদার করা হবে এবং আগামী অর্থবছরে ট্যাক্সের আওতা বৃদ্ধি করা হবে। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক সভা আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খান, সাংবাদিক মিজানুর রহমান রিপন, সমাজসেবক ইউনুস গাজী, আইয়ুব আকন ফিরোজ, সিদ্দিক হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন