ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৭ মে) সকাল ৯টার মধ্যে এই আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও এর আশপাশেও আরেকটি লঘুচাপের প্রভাব রয়েছে।
এ কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
মন্তব্য করুন