বাংলাদেশের তরুণ ও যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সীমান্তে নজরদারি জোরদার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
সোমবার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে এম নাসের রহমান অভিযোগ করে বলেন, বাংলাদেশের সীমান্তসংলগ্ন ভারতের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং এসবের একটি উদ্দেশ্য হলো বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজকে বিপথে ঠেলে দেওয়া।
তিনি বলেন, “বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে থাকা প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্তজুড়ে পরিকল্পিতভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের কারখানা গড়ে তোলা হয়েছে। এর উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ও যুবসমাজকে মাদকাসক্ত করে দেশের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করা।”
তিনি আরও দাবি করেন, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক দেশে প্রবেশের চেষ্টা হয়, যার অল্প একটি অংশই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হয়।
মাদক প্রতিরোধে তিনি সীমান্তে কঠোর নজরদারি জোরদার, চোরাচালান রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলাজুড়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন