দেশের অপরাধ বিষয়ক সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শেখ শাহীন।
নবগঠিত এই কমিটিতে অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয় ঘটানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন নেতৃত্ব মাঠ পর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনকে আরও গতিশীল করবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শেখ শাহীন বলেন, ক্রাইম সাংবাদিকতা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল ক্ষেত্র। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানোন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
উল্লেখ্য, শেখ শাহীন বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস ৭’-এর চেয়ারম্যান এবং ‘দৈনিক ঢাকার সময়’ পত্রিকার সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন যে, শেখ শাহীনের নেতৃত্বে সংস্থাটি আরও সুসংগঠিত হবে এবং দেশের অপরাধ বিষয়ক সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেখ শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন