চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা পশুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের এক প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে সরকারি নির্ধারিত টোলের অতিরিক্ত প্রতি পশুতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ক্রেতা বিষয়টি প্রশাসনকে জানান।
অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে শাস্তির নির্দেশও দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায়ের কোনো সুযোগ নেই।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হাটে আসা ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য করুন