পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।
অনুষ্ঠানে তিনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে, যা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুরের অতিরিক্ত উপ-পরিচালক হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ, সার, নারিকেল চারা, বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা, লেবু চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ৪ হাজার ৬০০টি নারিকেল ও অন্যান্য গাছের চারা, ২০০টি লেবুর চারা, ৬০০ জন কৃষকের মধ্যে সবজি বীজ এবং ৮০০ জন কৃষকের মধ্যে আমন ধানের বীজ বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে কৃষি আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।
কৃষকরাও সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।
মন্তব্য করুন