মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরিশাট গ্রামের ঈদগাহ উন্নয়ন কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বরিশাট ঈদগাহ ময়দানে আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনীতিবিদ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ চৌধুরী রেজাউল হক মিন্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মৃধা খলিলুর রহমান। সভায় বক্তারা ঈদগাহের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার, পরিচ্ছন্নতা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ধর্মীয় কার্যক্রমের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি এবং সাংবাদিক মোঃ সাইফুল্লাহসহ স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। এছাড়া বক্তব্য রাখেন মোঃ জিয়াউল হক ফরিদ, এম হাসিবুর রহমান রিপন, বদরুল আলম লিটু, মোঃ হারেজ শেখ, মোঃ রিকাত আলী, চৌধুরী মিরাজুল ইসলাম স্বপন, কাজী মিরাজুল ইসলাম, আব্দুল মতিন, কাজী মফিজুর রহমান, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব মোঃ মোজাফফর হোসেন মুন্না, মোঃ শাজাহান আলী মোল্লা, কাজী নজরুল ইসলাম, কাজী আবু আব্দুল্লাহ মানছুর, মোঃ রজাউল মোল্লা, মোঃ মাহবুব বিশ্বাস, মোঃ আসমত শেখ, কাজী শরিফুল ইসলাম শরফু, মোঃ নূরুজ্জামান রাজু, মোঃ দারোগা আলী মোল্লা, মোঃ আজাদ আলী মোল্লা, মোঃ কামাল মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বরিশাট ঈদগাহ শুধু একটি নামাজের স্থান নয়, এটি এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক। তাই এর উন্নয়ন কার্যক্রমে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা ঈদগাহ মাঠের সীমানা নির্ধারণ, স্থায়ী অবকাঠামো নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, বৃক্ষরোপণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন।
সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে উন্নয়ন তহবিল গঠন, স্থানীয়দের আর্থিক ও শ্রম সহায়তা নিশ্চিত করা, একটি কার্যকর বাস্তবায়ন কমিটি গঠন এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ।
সভা শেষে উপস্থিত সকলেই বরিশাট ঈদগাহকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ধর্মীয় স্থানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন