সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ওপর অবস্থিত একটি জরাজীর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় ‘রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে, প্রাক্তন ইউপি সদস্য মো. আনারুল ইসলামের বাড়ি সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরামানিক, মো. রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মো. মুনছুর গাইন, রমেশ চন্দ্র মণ্ডল, ফজিলা খাতুন, মোছা. রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাধন মণ্ডলসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে মাদার নদীর ওপর নির্মিত এই বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করছেন।
এ সাঁকো দিয়ে ১০৪ লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন।
স্থানীয়রা জানান, রমজাননগরের বদ্দিপাড়ায় সুপেয় পানির সংকট থাকায় পাশের নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই সাঁকো ব্যবহার করেই পানি সংগ্রহ করতে হয়। এছাড়া জরুরি রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাঁকোটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই জনদুর্ভোগ নিরসনে দ্রুত মাদার নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মন্তব্য করুন