যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার এক গৃহবধূ তাঁর পাঁচ বছরের কন্যাশিশুকে সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় উদ্বিগ্ন স্বামী কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ গৃহবধূর নাম মাসুমা আক্তার উর্মি (২১)। তিনি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ভগবতীতলা এলাকার বাসিন্দা এবং বাপ্পি হোসেনের স্ত্রী।
জিডি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সকালে উর্মি তাঁর একমাত্র মেয়ে আফিয়া সুলতানাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের তিনি মায়ের বাড়িতে যাওয়ার কথা বলেছিলেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মনিরামপুর উপজেলার স্যামকুড়ে এলাকায় তাঁর বাবা শরিফুল ইসলামের বাড়িতে কিংবা কেশবপুরে তাঁর মা সাহানারা খাতুনের বাড়িতেও যাননি।
পরিবারের দাবি, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে উর্মির ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা-মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় স্বামী বাপ্পি হোসেন ১৩ জুলাই কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১১১) করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. জাবেদ আলী জানান, নিখোঁজের ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মা-মেয়ের সন্ধান পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্ত্রী ও ছোট্ট মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় বাপ্পি হোসেন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দ্রুত তাঁদের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন