কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ নুর ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার বাড়ি থেকে প্রায় ৯৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রাবাইতাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেপ্তার নুর ইসলাম ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাবাইতাড়ি এলাকায় নুর ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৯৩ দশমিক ৫ কেজি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন