কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি গাঁজাসহ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ও তার কথিত সৎ ভাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের আছিয়ার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুন (১২) এবং তার সৎ ভাই পায়েল (২২)। নাদিরা বগুড়ার কাহালু থানার বুরুল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে এবং পায়েল বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, একটি টহল দল সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশায় থাকা নাদিরার স্কুল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা সৎ ভাই পরিচয় দেওয়া পায়েলকে আটক করা হয়। তবে অটোরিকশায় থাকা অন্যরা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে নাদিরা জানায়, তার বাবা তাকে বালারহাটে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে নিয়ে যান। সেখানে কয়েকদিন অবস্থানের পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে পায়েল দাবি করেন, তিনি গরুর রাখাল হিসেবে লালমনিরহাটে গরু নিয়ে এসেছিলেন এবং পরে পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। পাশাপাশি পুরো চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন