চট্টগ্রামের পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘পরিবারের সুস্থতা, সমাজের সমৃদ্ধি, দেশের উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ মে) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম।
ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা উপ-কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য ডা. রেহানা আক্তার, ডা. শিহাব আফসার খান, ডা. আবদুল্লাহ আল মাহমুদ, ডা. মুহাম্মদ আবু তালেব ও ডা. নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে এবং ঢাকাস্থ পটিয়া সমিতির এ উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে ঢাকা শহরে চিকিৎসার জন্য যাওয়া রোগীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। কোন হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে দ্রুত ও কার্যকর চিকিৎসা পাওয়া যাবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল রোগীদের সীমিত পরিসরে সহায়তা, জরুরি চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদান এবং বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সমিতির নেতারা জানান, স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় প্রতিবছর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন, রোগী সহায়তা, চিকিৎসা পরামর্শ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সভাপতি আলী নেওয়াজ ও সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রবাসী ও ঢাকায় অবস্থানরত পটিয়ার মানুষদের সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে সমিতি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন