“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ খান কিজিল, মাগুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অসিত কুমার রায়, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ এবং জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সেলিম রেজা।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গবেষণাধর্মী চিন্তা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং নতুন নতুন প্রকল্প উপস্থাপনের সুযোগ পাচ্ছে।
দিনব্যাপী এ মেলায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪টি দল ২০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শনার্থীদেরও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন