মাগুরা জেলা পুলিশের দ্রুত অভিযানে নিখোঁজ হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে মাদ্রাসাছাত্রী আয়েশা নূর (১১)। পরে তাকে নিরাপদে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) সকালে মাগুরা শহরের সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা নূর বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। বিষয়টি জানার পরপরই মাগুরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে অভিযান শুরু করে।
জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিখোঁজের খবর পাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই আড়পাড়া পুরাতন টোল প্লাজা এলাকা থেকে আয়েশাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থী প্রাথমিকভাবে জানিয়েছে, মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে ওঠার পর এক অপরিচিত ব্যক্তি তার ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করলে সে অচেতন হয়ে পড়ে। এরপর তার আর কিছু মনে নেই। পরবর্তীতে জ্ঞান ফিরে পেয়ে সে রাস্তায় বেরিয়ে এলে পুলিশ তাকে উদ্ধার করে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও শিক্ষার্থীর বক্তব্যের সত্যতা পুলিশ যাচাই-বাছাই করছে বলে জানিয়েছে।
এ ঘটনায় মাগুরা জেলা পুলিশ অভিভাবকদের সন্তানদের চলাফেরার বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আশ্বাস দেন।
মন্তব্য করুন