সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ব উন্নয়ন এবং সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির ‘শক্তি’ প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) শুরু হওয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রধান অতিথি ছিলেন সিসিডিবি পিসি আরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুপন রায়।
সহায়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্পণা মল্লিক ও ললিতা রানী। এ ছাড়া সিসিডিবি-শক্তি প্রকল্পের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের ১৫ জন, যুবদলের ৫ জন এবং পুরুষ দলের ৫ জনসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অর্পণা মল্লিক ‘নেতা, নেতৃত্ব, নেতার ধরন ও নেতার গুণাবলি’ বিষয়ে আলোচনা করেন। ললিতা রানী নির্বাহী কমিটির দায়িত্ব ও কর্তব্য এবং সভা পরিচালনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণার্থী প্রকাশ গাইন বলেন, গ্রামের যেসব নারী সিসিডিবির সঙ্গে যুক্ত হয়েছেন, তারা নিজেদের জড়তা কাটিয়ে সমাজের উন্নয়নে কাজ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা গৃহস্থালির কাজের গণ্ডি পেরিয়ে সমাজের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের মতামত তুলে ধরার আত্মবিশ্বাস অর্জন করেছেন।
অংশগ্রহণকারী আয়শা খাতুন বলেন, দুই দিনের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণটি তাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। প্রশিক্ষণের শুরুতে সবার সামনে কথা বলার ক্ষেত্রে ভয় ও জড়তা থাকলেও প্রশিক্ষকদের সহজবোধ্য আলোচনা এবং বাস্তবভিত্তিক দলীয় কার্যক্রমের মাধ্যমে সেই সংকোচ অনেকটাই কেটে গেছে।
তিনি বলেন, প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বেড়েছে, যা ভবিষ্যতে এলাকার নারীদের আরও সংগঠিত করতে কাজে লাগবে।
মন্তব্য করুন