মাগুরায় ১৮ জেলার ৭২ জন টেনিস খেলোয়াড়ের অংশগ্রহণে তৃতীয় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন (টিএলএ) টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা জেলা টেনিস ক্লাবের সেন্টার কোর্টে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়।
মাগুরার জেলা প্রশাসক ও জেলা টেনিস ক্লাবের সভাপতি মোতাকাব্বির আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় টেনিস সংশ্লিষ্ট ব্যক্তি, খেলোয়াড়, আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শুরু হয় প্রতিযোগিতার মূল পর্বের খেলা।
উদ্বোধনী ম্যাচে ৪৫ বছর ও তদূর্ধ্ব বয়সী গ্রুপে খুলনার মাসুদ-মোশাররফ জুটির মুখোমুখি হয় পিরোজপুরের শহীদ-সাব্বির জুটি। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলা দেখতে সেন্টার কোর্টে উপস্থিত হন টেনিসপ্রেমী দর্শকরাও।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ৪২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ৭২ জন খেলোয়াড়কে বয়সভিত্তিক দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছেন ৪৫ বছরের কম বয়সী খেলোয়াড় এবং অন্য গ্রুপে ৪৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং মাগুরা জেলা টেনিস ক্লাবের সহযোগিতায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাগুরা জেলা স্টেডিয়াম-সংলগ্ন জেলা টেনিস ক্লাব ও ইনডোর টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার মাগুরা প্রেসক্লাব। স্পন্সর হিসেবে রয়েছে আরিয়ানের হেলমেটস ও খান ওয়ারিয়র্স স্পোর্টস ক্লাব।
আয়োজক কমিটির সদস্য হামিমুর রহমান বলেন, টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের এ আয়োজন দেশের টেনিস অঙ্গনে আগ্রহ তৈরি করেছে। এবারের প্রতিযোগিতায় ১৮টি জেলা থেকে ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট সফল করতে জেলা প্রশাসন ও মাগুরা জেলা টেনিস ক্লাব সহযোগিতা করছে।
তিনি বলেন, মাগুরায় ইনডোর টেনিস কমপ্লেক্স থাকায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। ইনডোর ও আউটডোর—দুই ধরনের কোর্ট সুবিধা থাকায় আবহাওয়া প্রতিকূল হলেও খেলা চালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
এর আগে গত বছরও টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাগুরায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও মাগুরাকে প্রতিযোগিতার ভেন্যু করা হয়েছে।
গত আসরে মাগুরার খেলোয়াড়দের সর্বোচ্চ সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার নিজেদের মাটিতে আরও ভালো ফল করে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে লড়ছেন স্থানীয় খেলোয়াড়রা।
দেশের বিভিন্ন জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্ট মাগুরায় টেনিসের প্রসার ও জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।
মন্তব্য করুন