মাগুরার শ্রীপুর উপজেলায় সালেহা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে বাড়ির অদূরে একটি আমগাছ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালেহা বেগম উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কহর আলী বিশ্বাসের মেয়ে এবং ইছাপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
নিহতের পরিবারের দাবি, সালেহা আত্মহত্যা করেননি। তাদের অভিযোগ, স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে গলা টিপে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন। পরিবারের আরও দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বামী মরদেহটি গাছ থেকে নামিয়ে ফেলেন।
এ ঘটনায় নিহতের ভাই সলেমান বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন