মাগুরার শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি সার ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার নাকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার, কীটনাশক, বীজ, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায় বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা মূল্যের ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। এ ছাড়া বেশি দামে সার বিক্রির কোনো ভাউচার দেওয়া হয়নি এবং বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি।
অভিযানে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ার কথাও জানানো হয়। পাশাপাশি বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির অভিযোগ পাওয়া যায়।
পূর্বে সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম করায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয় এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন