ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার মোড় থেকে মাছপাড়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভার ‘টিম-০৮’-এর ব্যবস্থাপনায় পরিচালিত অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানকে সামনে রেখে এতে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, যুবসমাজ ও স্কাউটসের সদস্যরা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় স্বাস্থ্য শাখার আতাউর রহমান, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে এলাকার বিভিন্ন ড্রেন, জঙ্গল ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। পাশাপাশি মশা নিধনে ওষুধ প্রয়োগ করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
মন্তব্য করুন