স্থানীয় নাগরিক সমাজের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মোংলায় “Empowering Networks for Advocacy and Better Local Enabling Environments (ENABLE)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০১টায় মোংলা উপজেলা পরিষদ কৃষি সভাকক্ষে সুইডেনের সহযোগিতায় হেলভেটাস বাংলাদেশ ও সিএসও নেটওয়ার্ক মোংলা’র যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় ‘উন্নয়ন প্রক্রিয়ায় নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং তরুণদের সম্পৃক্তকরণ’ শীর্ষক ENABLE প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রাথমিক কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। প্রকল্প কার্যক্রম উপস্থাপন ও স্বাগত বক্তব্য দেন ENABLE-এর সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ।
উপজেলা সিএসও কমিটির সভাপতি লাভলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা পিযূষ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. মান্নান হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ওয়াদুদ হাওলাদার, উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মো. মারুফ হাওলাদার।
বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন।
এসময় ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সভাপতি সোহেল রানা, স্থানীয় ইউপি সচিব হাবিবুর রহমান, শিবপদ পাল ও সৈকত মন্ডল, সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম মৃধা ও চিলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কৌশিক মল্লিক কানু, সিভিল সোসাইটি প্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোংলা এলাকায় ENABLE প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি, অধিকারভিত্তিক অংশগ্রহণ ও স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সর্বপরী স্থানীয় পর্যায়ে টেকসই নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন