বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে ছৈলারচরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সকালে তিনি বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে ঝালকাঠিতে পর্যটনশিল্পের ব্যাপক বিকাশের সুযোগ রয়েছে। ছৈলারচরসহ সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রচার-প্রচারণা ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু এবং কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তাসহ ঝালকাঠি জেলা ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন