বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে মোহাম্মদ বিল্লাল কাজী (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মোরেলগঞ্জ ফেরিঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বিল্লাল কাজী পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন থানা এলাকার নজরুল কাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকায় গাঁজা বিক্রির সময় বিল্লাল কাজীকে ধাওয়া দিয়ে আটক করে জনতা। এ সময় তিনি সাথে থাকা গাঁজার পোটলা ফেলে পালানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং ফেলে দেওয়া সাতটি পোটলা থেকে আনুমানিক ১০ কুড়িয়া গাঁজা উদ্ধার করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এর উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজা জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিল্লাল কাজীকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।” মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হচ্ছে।
এদিকে জনবহুল ফেরিঘাট এলাকায় মাদক কেনাবেচা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য করুন