কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস উপলক্ষে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং আন্তর্জাতিক নদীর ন্যায্য অধিকার ও স্বীকৃতির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য দেন গ্রিন ইকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তমাল হোসেন, গ্রিন লিডার আজিজুল ইসলাম, কুড়িগ্রাম কলেজ শাখার সদস্য জাফর আলী, হাবিব ওয়াহিদ, মাসুদ, সৌরভ ও ইমরানসহ অনেকে।
সমন্বয়ক তমাল হোসেন নদীর অধিকার প্রসঙ্গে বক্তব্য দেন এবং নদীর সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদীর সার্বিক সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
অনলাইনে যুক্ত হয়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, “আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতির জন্য সরকারকে কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার প্রতি সরকারের একটি ইতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে। এই মনোভাব যেন বাস্তব উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নে রূপ নেয়, সেটিই প্রত্যাশা করি। নদী সুরক্ষার ক্ষেত্রেও সরকারের আন্তরিক ও কার্যকর ভূমিকা প্রয়োজন।”
মন্তব্য করুন