মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শ্রীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক মো. সোহেল রানা বলেন, সম্প্রতি ফেসবুক ও সংবাদপত্রে তার নামে বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব ভুল তথ্য ও অভিযোগ তার স্ত্রীর কাছ থেকে আসছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। তার অভিযোগ, স্ত্রী বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন এবং মারধরও করেছেন। শিক্ষকতা পেশায় থাকার কারণে বিষয়গুলো নিয়ে লজ্জায় কাউকে বলতে পারেননি বলে জানান তিনি। সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন বলেও উল্লেখ করেন।
সোহেল রানা বলেন, প্রায় ৮-১০ মাস আগে তার স্ত্রী বাড়ি থেকে চলে যান। এরপর বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইল করা এবং ছাড়াছাড়ির কথা বলা হচ্ছে। ছাড়াছাড়ির জন্য তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সালিশি বৈঠক হলেও তার স্ত্রী কোনো সালিশ মানেননি এবং তার সম্মানহানি করার জন্য যা যা করার প্রয়োজন, তা করবেন বলে হুমকি দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি তার এক সাবেক ছাত্রীকে নিয়ে সন্দেহের বশে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করার অভিযোগও করেন তিনি। সোহেল রানা বলেন, তার কাছে ওই ছাত্রীর একটি গাইড ছিল এবং সেখানে তার নাম লেখা থাকায় স্ত্রী সন্দেহ করেছিলেন। তবে ওই ছাত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। বিষয়টি যাচাই করে দেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্যে সোহেল রানা আরও বলেন, একটি কুচক্রী মহল তার বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে মানববন্ধন করিয়েছে। এ ঘটনায় তিনি ওই মহল ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক মো. সোহেল রানা।
মন্তব্য করুন