মাগুরার শ্রীপুরে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেছেন, সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা না গেলে অন্যান্য সব উন্নয়নই একসময় মুখ থুবড়ে পড়বে। তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং মাঠপর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার শ্রীপুর উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় শুনেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দীন, কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন পাপন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ পালসহ অন্যান্যরা।
বিভাগীয় কমিশনার আরও বলেন, মাঠপর্যায়ের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এডিবি, উপজেলা পরিষদের রাজস্ব খাতসহ বিভিন্ন তহবিল থেকে জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, গয়েশপুর ও সব্দালপুর ইউনিয়নের খাল খনন প্রকল্প এবং এইচবিবি ইটের রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চলমান উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।
মন্তব্য করুন