মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের পাঁচ উপজেলার সাতটি গ্রামে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকালে জেলার বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, জেলার ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার নির্ধারিত ঈদগাহ মাঠগুলোতে সহস্রাধিক মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
এর মধ্যে সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়া এলাকায় অনুষ্ঠিত ঈদের জামাতে প্রায় ৪০ জন মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা চরবড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. আব্দুল মালেক।
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের হাজির বাজারসহ জেলার আরও কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ জানায়, নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, ঈদকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন