পঞ্চগড়ে করতোয়া নদীতে ডুবে গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গরু নিয়ে নদী পার হওয়ার সময় প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১১ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গুল মোহাম্মদ আলী ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুল মোহাম্মদ আলী গরু নিয়ে করতোয়া নদী পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।
খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি প্রায় ৩০ থেকে ৩৫ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নদী থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ৬ নম্বর সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি)। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নদী পারাপারের সময় সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একদিনের ব্যবধানে করতোয়া নদীতে দ্বিতীয়বারের মতো ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী পারাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ ঘাটগুলোতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন