বাগেরহাটের রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত তিন বছরের শিশু জোবায়েরের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে তার দরিদ্র পরিবার। শিশুটির অপারেশনসহ চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু ভ্যানচালক বাবার পক্ষে এই বিপুল অর্থের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
জোবায়ের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের ভ্যানচালক শেখ জাকির হোসেন ও জোসনা দম্পতির ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা।
সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটিও বিক্রি করে দিয়েছেন শেখ জাকির হোসেন। এরপরও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি তিনি।
পরিবারের দাবি, জোবায়েরের অপারেশনসহ চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে সময়মতো চিকিৎসা করাতে না পারায় শিশুটির শারীরিক অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার বাবা-মা।
শেখ জাকির হোসেন বলেন, সন্তানের চিকিৎসার জন্য তার কাছে আর কোনো অবলম্বন নেই। ছেলেকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন।
এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে জোবায়েরের পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে শিশুটির চিকিৎসা করানো সম্ভব হবে। একটি শিশুর চিকিৎসায় সহায়তার জন্য সবার প্রতি মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য করুন