আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৪নং দৈবজ্ঞহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সাবেক ছাত্রদল নেতা মোঃ আতিক তালুকদারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ প্রজন্মের মধ্যে আতিক তালুকদারের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন বলে তাঁর সমর্থকদের দাবি। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় ভূমিকা পালনের কথাও জানান অনুসারীরা।
আতিক তালুকদারের রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ২০১৮ সালের একটি রাজনৈতিক কর্মসূচির কথা তুলে ধরছেন তাঁর সমর্থকরা। তাঁদের ভাষ্য, ওই বছর কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে বাগেরহাটে মিছিল থেকে গ্রেপ্তার হন তিনি এবং পরবর্তীতে ৪২ দিন কারাবরণ করেন।
শিক্ষাজীবনেও আতিক তালুকদারের রয়েছে উচ্চশিক্ষার পরিচয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জোর আলোচনা চলছে। সেখানে আতিক তালুকদারের নাম গুরুত্বের সঙ্গে উঠে আসছে।
সমর্থকদের মতে—তরুণ, শিক্ষিত ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় চেয়ারম্যান পদে আতিক তালুকদার একজন সম্ভাবনাময় প্রার্থী। তাঁদের দাবি, ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ভোটারদের একটি বড় অংশের কাছে তিনি ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছেন।
তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, প্রার্থী মনোনয়ন এবং স্থানীয় ভোটারদের মতামতই নির্বাচনে চূড়ান্ত ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন ঘনিয়ে এলে এবং মাঠের পরিস্থিতি আরও স্পষ্ট হলে ৪ নম্বর দৈবজ্ঞহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রকৃত চিত্র পরিষ্কার হবে।
মন্তব্য করুন