
মোংলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র আওতায় খুলনার বাগমারায় এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদক উদ্ধার করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে পরবর্তীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন, ৩৫০ গ্রাম গাঁজা।
এ বিষয়ে কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হবে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, “আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে।
মন্তব্য করুন