চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সোনামসজিদ বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শাহাবাজপুর কলেজের সামনে পাকা রাস্তায় একটি মালিকবিহীন ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয়।
সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ট্রাকটি তল্লাশি করে পাথরের মধ্যে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা ভারতীয় ট্রাক ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে খড়কপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলীমোড় গ্রামের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ২০১/৮৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়।
জব্দ করা মোবাইল ফোন ও ইজিবাইকের আনুমানিক মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুই অভিযানে জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন