চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ মো. মশিউর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে সোনামসজিদ বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা সড়কে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় একটি মোটরসাইকেলে থাকা এক আরোহী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তিনি মোটরসাইকেল থামিয়ে দেন।
পরে তাঁকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ব্যবহৃত আরও একটি মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের মোট জব্দমূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
আটক মশিউর রহমান ভোলাহাট উপজেলার তিলকী (সুরানপুর) গ্রামের জেম আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবি সব ধরনের অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন