কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে গণসংযোগ করছেন বিএনপি নেতা মো. শহীদ উদ্দিন বাবুল। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও তিনি বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
শহীদ উদ্দিন বাবুল কুলিয়ারচর পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি উপজেলার পূর্ব গাইলকাটা গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে।
গণসংযোগকালে শহীদ উদ্দিন বাবুল বলেন, সাধারণ মানুষ ও যুবসমাজের আস্থা এবং অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি নির্বাচনে প্রার্থী হতে চান। নির্বাচিত হলে কুলিয়ারচর উপজেলায় উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা হয়েছে এবং ছয়বার কারাবরণ করতে হয়েছে।
গণসংযোগের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন।
এ সময় তাঁর সমর্থকেরাও সঙ্গে ছিলেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শহীদ উদ্দিন বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তবে নির্বাচনে প্রার্থীদের বিষয়ে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের সময়েই জানা যাবে।
মন্তব্য করুন