নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামে অভিযান চালিয়ে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাই তামার তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এ তথ্য জানায়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা মালামালের মধ্যে পদ্মা সেতু রেল প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের প্রায় ৯০ কেজি তামার তার, ২৫ কেজি সাদা অ্যালুমিনিয়ামের তার, তামার তারের পোড়া ও অপোড়া কালো কাভারের অংশ, তার কাটার বিভিন্ন সরঞ্জাম, একটি শাবল, লোহার দুরমুজ এবং প্রায় ৮৫ কেজি পুরোনো লোহার রডের টুকরা রয়েছে। এছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার কাজে ব্যবহৃত ১৩ কেজি ওজনের একটি লোহার পাতও উদ্ধার করা হয়।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মা সেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের ১১ কেভি এবং ৩৩ কেভি লাইনের মূল্যবান তামার তার সংঘবদ্ধ একটি চক্র চুরি করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে এবং অভিযোগ দেয়।
ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে জেলা ডিবি পুলিশ। বিকেল পর্যন্ত অভিযান চলে।
পুলিশ জানায়, অভিযানের একপর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় তার চুরির বিভিন্ন আলামত পাওয়া যায়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের চোরাই তার ও তার কাটার সরঞ্জামসহ উল্লিখিত মালামাল উদ্ধার করা হয়।
এদিকে চোরাই তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে খাটের নিচে রাখা চারটি বড় ধারালো রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল ও আটকদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন